টাকা দ্বিগুণ করে দেওয়া এবং মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ওমানে তিনজনকে গ্রেপ্তার করেছে রয়াল ওমান পুলিশ (আরওপি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে মোট প্রায় ৪০ হাজার ওমানি রিয়াল হাতিয়ে নেওয়া হয়েছে।
আরওপির ডিরেক্টরেট জেনারেল অব ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন দুটি আলাদা মামলার তদন্তে এই গ্রেপ্তার অভিযান চালায়। পুলিশ এক বিবৃতিতে জানায়, দুটি মামলার সন্দেহভাজনরাই আফ্রিকান জাতীয়তার।
আরও পড়ুন
বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা প্রতারণামূলক কৌশলে ভুক্তভোগীদের বিশ্বাস করিয়েছিল যে তাদের অর্থ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব এবং এতে লাভ পাওয়া যাবে। এ ধরনের প্রলোভনে পড়েই ভুক্তভোগীরা টাকা তুলে দেন।
এ ঘটনায় জনসাধারণকে সতর্ক করেছে পুলিশ। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বৈধ ও আইনসম্মত মাধ্যম ব্যবহার করতে এবং অল্প সময়ে টাকা দ্বিগুণ বা বড় অঙ্কের দ্রুত মুনাফার অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া যেকোনো প্রকল্প এড়িয়ে চলতে বলা হয়েছে।
প্রতারণার শিকার হলে অবিলম্বে পুলিশের হটলাইন ৮০০৭৭৪৪৪ নম্বরে কল করে জানানোর আহ্বান জানিয়েছে আরওপি।










